জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বৈঠকে রাজনৈতিক সংস্কার, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আজ (২১ এপ্রিল) দুপুর ২টায় বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ, জুলাই সনদ এবং গণভোট ইস্যু নিয়ে মতবিনিময় হয়। এ সময় জার্মান পক্ষ বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ। জামায়াত গুণগত পরিবর্তন ও সংস্কার চায়, যাতে দেশে আর একদলীয় শাসন ফিরে না আসে।’
এছাড়া বাংলাদেশের টেকসই গণতন্ত্র গঠন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিষয়েও দুই পক্ষ গঠনমূলক আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সম্পর্ক আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।