শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

জামায়াতে যোগ দিলেন আওয়ামী লীগ-বিএনপির অর্ধশত নেতাকর্মী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাদের দলভুক্ত করা হয়।

জামায়াতে যোগ দিলেন আওয়ামী লীগ-বিএনপির অর্ধশত নেতাকর্মী
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাগমারা বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাদের দলভুক্ত করা হয়।

নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

দলটিতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তিনজন এবং ইউনিয়ন কৃষকদলের নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে ছানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, সাখাওত হোসেন, জিল্লুর হোসেন, আল-মাহমুদ, শহিদুল ইসলাম, রবিউল করিম, মাসুদ রানা, মানিক মিয়া, মজিদ মিয়া, দুলাল মিয়া ও আবেদ আলীসহ মোট ৪৭ জন কর্মী ও সমর্থক।

যোগদান অনুষ্ঠান শেষে বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আগামী দিনে দেশের রাষ্ট্রক্ষমতায় জামায়াতে ইসলামীর ভূমিকা দেখতে চায় জনগণ। সেই প্রত্যাশার ফলেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছেন। তিনি আরও বলেন, নতুন যোগদান করা নেতাকর্মীদের নিয়ে উল্লাপাড়াকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে দলটি কাজ করবে।

এদিকে জাতীয় নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে বিএনপির কিছু নেতাকর্মীর জামায়াতে যোগদান নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনামূলক মন্তব্য লক্ষ্য করা গেছে।

নির্বাচনি সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম এবং উপজেলা ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক নুর মোহাম্মদ মণ্ডলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।