বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটায় নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) মিরপুর ১০-এর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জনসভা আয়োজনের মাধ্যমে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান নিজেই।
সকাল থেকেই হাজার হাজার সমর্থক দাঁড়িপাল্লা প্রতীক ও মিছিল নিয়ে জনসভাস্থলে পৌঁছতে শুরু করেন। দুপুরের আগেই সমাবেশস্থল লোকারণ্য হয়ে যায় এবং প্রতিটি স্লোগান মাতিয়ে তোলে সমাবেশকে। সমাবেশ এলাকা ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে, যা মিরপুরবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
আসন পরিচালক আব্দুর রহমান মুসার সভাপতিত্বে এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় উদ্বোধনী বক্তব্য দেন শহীদ আব্দুল হান্নান খানের ছেলে ডা. সাইফ খান। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় জামায়াত নেতা আব্দুল মতিন খান, আনোয়ারুল করিম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।
এই জনসভা দিয়ে ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবং সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্য দিয়ে দলের সমর্থন দৃঢ় হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।