জামায়াতে ইসলামীতে কোনো মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতাবিরোধী শক্তি নেই বলে দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। সম্প্রতি জামায়াতে যোগদানকারী এই নেতা বলেন, ১৯৭১ সালে আমাদের প্রকৃত শত্রু ছিল পাকিস্তানি বাহিনী, জামায়াতে ইসলামী নয়। বর্তমানে দলটির বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মেজর আখতারুজ্জামান উল্লেখ করেন, রাজাকার, আল-বদর ও আল-শামস মূলত পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন ছিল। তিনি দাবি করেন, ‘রাজাকার, আল-বদর ও আল-শামস ছিল পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন। তারা আত্মসমর্পণের পর পাকিস্তানে ফিরে গেছেন।’ বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকারের অস্তিত্ব নেই বলেও তিনি মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, পূর্বপুরুষদের কোনো কৃতকর্মের দায়ভার পরবর্তী প্রজন্মের ওপর চাপানো যায় না, যা বিভিন্ন ধর্মগ্রন্থেও স্পষ্টভাবে বলা আছে। তার মতে, ১৯৭১ সালের প্রেক্ষাপট ও জামায়াতের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমাদের শত্রু ছিল পাকিস্তানি বাহিনী, জামায়াতে ইসলামী নয়। জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতাবিরোধী নেই। আমরা কেউ স্বাধীনতাবিরোধী নই। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে।’
জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইউনুস আলী। এছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও রুকনরা সমাবেশে অংশগ্রহণ করেন।