শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জামায়াতকে ভোট দেওয়া নাজায়েজ: মির্জা ফখরুল

‎বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে

জামায়াতকে ভোট দেওয়া নাজায়েজ: মির্জা ফখরুল
ছবি : সংগৃহীত

‎বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

‎‎তিনি বলেন, ‘তারা বলছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ। একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে?’

‎‎সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

‎‎মির্জা ফখরুল বলেন, দেশের খ্যাতনামা আলেমরাও এ ধরনের অপপ্রচার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, ‘বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামিকে ভোট দেওয়া “নাজায়েজ” বলেছেন এবং চরমোনাইয়ের পীর তাদের পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।’

‎‎বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। তাই আমি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই—কেউ বিভ্রান্ত হবেন না।’

‎তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জাফখরুল।

‎