শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি

অস্বাভাবিক ও টানা তুষারঝড়ে জাপানে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দেশজুড়ে ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন ৯১ বছর বয়সী এক বৃদ্ধা, যিনি নিজের বাড়ির বাইরে প্রায় তিন মিটার উঁচু তুষারের নিচে চাপা পড়ে প্রাণ হারান।

জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি
ছবিঃ সংগৃহীত

অস্বাভাবিক ও টানা তুষারঝড়ে জাপানে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দেশজুড়ে ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে রয়েছেন ৯১ বছর বয়সী এক বৃদ্ধা, যিনি নিজের বাড়ির বাইরে প্রায় তিন মিটার উঁচু তুষারের নিচে চাপা পড়ে প্রাণ হারান।

মঙ্গলবার জাপানের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় আওমোরি প্রদেশে পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে। প্রত্যন্ত এই অঞ্চলের কোথাও কোথাও তুষারের স্তর ৪ দশমিক ৫ মিটার বা প্রায় ১৫ ফুট পর্যন্ত পৌঁছেছে।

প্রধানমন্ত্রী সানে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ পর্যায়ের এক বিশেষ বৈঠক আহ্বান করেন। বৈঠকে তিনি তুষারঝড়জনিত মৃত্যু ও দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাপান সাগরসংলগ্ন এলাকায় তীব্র শীতল বাতাসের কারণে ভারি তুষারপাত হচ্ছে। কিছু অঞ্চলে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি তুষার জমেছে। অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত এই তুষারঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী কিনা জিনও রয়েছেন। তার মরদেহ আওমোরির আজিগাসাওয়া এলাকায় নিজ বাড়িতে তুষারের নিচে পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারণা, বাড়ির ছাদ থেকে পড়ে আসা তুষারের নিচে চাপা পড়ে তিনি মারা যান। কর্মকর্তা জানান, শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে এবং মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে।

ওই কর্মকর্তা এএফপিকে বলেন, ‘উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে জমে থাকা তুষার গলে পড়ে। এটি তুষারের আয়তন এবং তাপমাত্রার ওপর নির্ভর করে। ছাদের নিচে একটি বিপজ্জনক জায়গা।’

এদিকে আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা সোমবার জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় তিনি জাপানের সামরিক বাহিনীকে ত্রাণ সহায়তার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে একা বসবাসকারী বয়স্কদের সহায়তায় সেনাদের কাজ করার আহ্বান জানান তিনি।

গভর্নর বলেন, ‘আঞ্চলিক রাজধানী আওমোরি শহরের মাটিতে ১.৮ মিটার পর্যন্ত উঁচু তুষারপাতের দেয়াল তৈরি রয়েছে। রাস্তা এবং ঘরবাড়ি থেকে তুষার পরিষ্কার করার সময় স্থানীয় কর্মীরা চাপা পড়েছিলেন।’

চলমান তুষারঝড়ের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং কর্তৃপক্ষ নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।