বেকারত্ব, অর্থনৈতিক সংকট ও তরুণদের হতাশাকে কেন্দ্র করে আবারও অস্থির হয়ে উঠেছে নেপাল। মাত্র তিন দিনের ব্যবধানে তিন যুবকের আত্মাহুতির চেষ্টার ঘটনায় দেশজুড়ে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দুজনের মৃত্যু হয়েছে, আরেকজন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনাকে ঘিরে প্রধানমন্ত্রী বালেন শাহর পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার হয়েছে।
সাম্প্রতিক আত্মাহুতির ঘটনাগুলোর পর রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী বালেন শাহর পদত্যাগের দাবি জানিয়ে সড়কে অবস্থান নিয়েছেন।
প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস সরকারের কঠোর সমালোচনা করে বলেছে, তরুণদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ও আস্থা ফিরিয়ে আনতে বালেন্দ্র শাহর সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।
এদিকে তরুণদের সংগঠন ‘জেন-জি নেপাল’ অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী বালেন শাহ গণবিরোধী ও স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছেন। সংগঠনটির দাবি, কর্মসংস্থান বৃদ্ধি ও তরুণদের আয় বাড়ানোর জন্য সরকারের বাজেট কিংবা নীতিমালায় কার্যকর ও বাস্তবসম্মত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
২০২৩ সালে প্রেম আচার্য নামের এক ব্যক্তির আত্মাহুতির ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। সে সময় কাঠমান্ডুর মেয়র থাকা অবস্থায় বালেন্দ্র ‘বালেন’ শাহ ওই ঘটনাকে ‘রাষ্ট্রের চরম ব্যর্থতা’ বলে মন্তব্য করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে তার নীরবতা বিরোধী দল ও আন্দোলনকারীদের সমালোচনার মুখে ফেলেছে।
সাম্প্রতিক ঘটনাগুলো নেপালের তরুণদের মানসিক স্বাস্থ্য, ক্রমবর্ধমান বেকারত্ব এবং সরকারি নীতির কার্যকারিতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ সতর্ক করে বলেছে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র হতে পারে।
২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার পর শহর পরিচ্ছন্নতা, ঐতিহ্য সংরক্ষণ এবং দুর্নীতিবিরোধী অভিযানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বালেন শাহ। যদিও অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হকার ও বস্তিবাসীদের বিরোধিতারও মুখে পড়তে হয়েছিল তাকে।
প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও প্রভাব ছিল বালেন শাহর। গত বছরের সেপ্টেম্বরের সরকারবিরোধী আন্দোলনের সময় তার গাওয়া ‘নেপাল হাসেকো’ (হাসছে নেপাল) গানটি আন্দোলনকারীদের কাছে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ, বেকারত্ব, দুর্নীতি ও অর্থনৈতিক স্থবিরতার বিরুদ্ধে গড়ে ওঠা সেই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন।
এরপর গত ৫ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার দল বড় ধরনের জয় পায়, যা নেপালের প্রচলিত রাজনৈতিক দলগুলোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হয়। ঝাপা-৫ আসনে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে পরাজিত করে বালেন শাহ নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করেন। মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি নেপালের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েন।
সূত্র: এনডিটিভি, ভাস্কর।