ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে ভয়াবহ এক বন্দুকযুদ্ধে দেশটির অন্তত সাতজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) কেন্দ্রশাসিত অঞ্চলটির কিশ্তওয়ার জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ সূত্রগুলো জানিয়েছে, কিশ্তওয়ারের চাত্রু এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল 'সন্নারে' সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি শুরু করেন সেনারা। অভিযান চলাকালে আত্মগোপনে থাকা জঙ্গিরা হঠাৎ করে সেনাদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। জবাবে সেনাবাহিনীও পাল্টা আক্রমণ চালালে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। সংঘর্ষে জখম হওয়া সাত সেনাকে উদ্ধার করে দ্রুত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর জম্মুভিত্তিক হোয়াইট নাইট কর্পস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে এই সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। 'অপারেশন ত্রাশি-আই' নামক এই বিশেষ অভিযানটি মূলত শনিবার দুপুরের দিকে শুরু হয়েছিল। পরিকল্পিত তল্লাশি চলাকালেই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এই মুখোমুখি সংঘর্ষ হয়। বর্তমানে পুরো এলাকাটি অতিরিক্ত বাহিনী মোতায়েন করে ঘিরে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, লড়াইয়ে লিপ্ত সন্ত্রাসীরা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের (জেইএম) বিদেশি সদস্য। ঘেরাও ভাঙতে তারা নির্বিচারে গুলির পাশাপাশি গ্রেনেডও নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
কঠিন ভূপ্রকৃতি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে অভিযান সফল করতে ড্রোনসহ আধুনিক নজরদারি সরঞ্জাম এবং স্নিফার ডগ ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরে জম্মু অঞ্চলে এটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তৃতীয় বড় ধরনের সংঘাত। এর আগে গত ৭ ও ১৩ জানুয়ারি কাঠুয়া জেলার ভিন্ন দুটি স্থানে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছিল।