ভারতীয় সংগীতাঙ্গনের জনপ্রিয় মুখ জুবিন গার্গের আকস্মিক মৃত্যু নিয়ে উঠে এলো নতুন তথ্য। সিঙ্গাপুরের একটি আদালতে জানানো হয়েছে, পানিতে নামার সময় লাইফ জ্যাকেট পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি—যা শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে ওঠে।
গত বছরের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতীয় গায়ক জুবিন গার্গ। বুধবার সিঙ্গাপুরের একটি আদালতে উপস্থাপিত তথ্যে জানানো হয়, দুর্ঘটনার সময় তিনি লাইফ জ্যাকেট পরতে রাজি হননি।
আদালতে দেওয়া তথ্যমতে, ১৯ সেপ্টেম্বর একটি ইয়ট পার্টিতে অংশ নেন জুবিন গার্গ। এর পরদিনই নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে তার মঞ্চে পারফর্ম করার কথা ছিল। তবে নির্ধারিত অনুষ্ঠানের আগের দিনই পানিতে ডুবে তার মৃত্যু হয়।
চ্যানেল নিউজ এশিয়ার বরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, তদন্তকারী দলের প্রধান কর্মকর্তা আদালতে জানান, শুরুতে জুবিন গার্গ একটি লাইফ জ্যাকেট পরেছিলেন। পরে তিনি নিজেই সেটি খুলে ফেলেন। এরপর তাকে একটি ছোট লাইফ জ্যাকেট পরার অনুরোধ জানানো হলেও তিনি তা গ্রহণ করেননি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লাইফ জ্যাকেট ছাড়া ইয়টের দিকে সাঁতার কাটতে গিয়ে একপর্যায়ে জুবিন গার্গ নিস্তেজ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ইয়টে তোলা হয়।
আদালতকে আরও জানানো হয়, জুবিন গার্গ উচ্চ রক্তচাপ ও মৃগী রোগে (এপিলেপসি) আক্রান্ত ছিলেন। তার মৃগীর সর্বশেষ সমস্যা দেখা দেয় ২০২৪ সালে। তবে ঘটনার দিন তিনি নিয়মিত ওষুধ সেবন করেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো ফৌজদারি অপরাধের আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া যায়, সেগুলো উদ্ধারকাজের সময়ের বলে উল্লেখ করা হয়েছে। রক্ত পরীক্ষায় উচ্চ রক্তচাপ ও মৃগীর ওষুধের উপস্থিতি মিললেও কোনো ধরনের মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে জুবিন গার্গের মৃত্যুর ঘটনা তদন্তে ভারতের আসাম পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। এই ঘটনায় রাজ্যজুড়ে ৬০টির বেশি এফআইআর দায়ের হয়েছে।
ঘটনাটি ঘিরে সিঙ্গাপুরে অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহান্ত, জুবিন গার্গের সেক্রেটারি সিদ্ধার্থ শর্মা এবং তার দুই ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহান্তকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি তার চাচাতো ভাই ও বরখাস্ত পুলিশ কর্মকর্তা সন্দীপন গার্গের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
সূত্র: এনডিটিভি