চট্টগ্রামের উত্তর আগ্রাবাদে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের সহকর্মীরা জানান, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে একটি সভায় অংশ নেন ছায়েদুর রহমান। সভা চলাকালে তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। তবে গত দুই থেকে তিন মাস ধরে তিনি কর্মস্থলে কিছুটা চুপচাপ থাকতেন। প্রায় দুই বছর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।
সহকর্মীদের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফিরে আসতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
অন্যদিকে, আরেকটি তথ্য অনুযায়ী, মিটিং শেষে বাসায় ফেরার পর ছায়েদুর রহমান নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় পরও দরজা না খোলায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।
ছায়েদুর রহমানের তিন মেয়ে। বড় মেয়ে একজন প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন। তারা দুজন ঢাকায় থাকেন। তার মেজ মেয়ে একজন চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, ৫৫ বছর বয়সি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধারের সময় বাসায় কেউ ছিলেন না। পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা ব্যাংক কর্মকর্তা ছায়েদুর আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করা হবে।