জুলাই অভ্যুত্থান ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বাধা সৃষ্টি করা হলে ছাত্র-জনতার বিপ্লব পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হবে বলে সতর্ক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর পল্টনের বিজয়-৭১ চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ‘জুলাই সনদ’ নিয়ে টালবাহানা এবং ‘গণভোট অধ্যাদেশ’ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেয় দলটি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপির কথা ও কাজের মধ্যে অসংগতি রয়েছে। তিনি বলেন, অভ্যুত্থানের অর্জন হিসেবে এই সনদ বাস্তবায়ন করা না হলে বিপ্লব তার সার্থকতা হারাবে। বর্তমান প্রেক্ষাপটে গণভোট ও জুলাই সনদ নিয়ে যে সাংবিধানিক বিতর্ক তৈরি করা হচ্ছে, তাকে অত্যন্ত হতাশাজনক ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের সুরের সঙ্গে তুলনা করেন তিনি।
মঞ্জু আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতের বিপ্লবের মতো এই অর্জনের সুরক্ষায় যদি বিভেদ তৈরি হয় এবং ভবিষ্যতে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফেরার সুযোগ পায়, তবে বর্তমান নেতৃত্বের সকলকেই কঠিন আইনি ও রাজনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও শিশু রিয়া গোপসহ জুলাইয়ের সকল শহীদের রক্তের মর্যাদা রক্ষার ওপর জোর দেন। রাজনৈতিক সমাধানের জন্য রাজপথকেই চূড়ান্ত ঠিকানা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে আবারও রাজপথে নেমে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার বিএনপিকে জুলাইয়ের চেতনার আলোকে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, গণআকাঙ্ক্ষার পরিপন্থী কোনো পদক্ষেপ নিলে তার পরিণতি শুভ হবে না। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিজয়নগর ও নয়াপল্টন হয়ে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।