রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জুলাই মাস থেকে বিনামূল্যে পোশাক, ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি চালু হচ্ছে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে এই সুবিধা দেওয়া হবে এবং পরে পর্যায়ক্রমে তা বিস্তৃত করা হবে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

মন্ত্রী জানান, বিশেষজ্ঞদের মাধ্যমে ইতোমধ্যে স্কুল ড্রেস ও ব্যাগের নকশা চূড়ান্ত করা হয়েছে। এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে এবং জুলাইয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। বিজিএমইএ’র পক্ষ থেকে প্রাথমিকভাবে এক লাখ শিক্ষার্থীর জন্য এসব উপকরণ সরবরাহের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

তিনি বলেন, সরকারের এই উদ্যোগে বেসরকারি খাতও যুক্ত হয়েছে এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও বাড়বে।

সভায় উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় অনেক উদ্যোক্তা ইতোমধ্যেই এই কর্মসূচিতে অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন। চলতি বছর এটি পরীক্ষামূলকভাবে শুরু হলেও আগামী অর্থবছরে বড় পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, “সারা দেশে ছেলে ও মেয়েদের জন্য নির্ধারিত একই রঙ ও ডিজাইনের ড্রেস, ব্যাগ ও জুতা প্রদান করা হবে, যাতে সমতা ও শৃঙ্খলার বার্তা প্রতিষ্ঠিত হয়।”

প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে বিনামূল্যে বই ও মিড-ডে মিল পাচ্ছে। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রীও রাষ্ট্র বহন করবে, ফলে অভিভাবকদের আর্থিক চাপ কমবে।

সংশ্লিষ্টদের মতে, এ কর্মসূচি বাস্তবায়ন হলে দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশুদের শিক্ষায় অংশগ্রহণ আরও সহজ হবে এবং শিক্ষার অধিকার নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।