সারাদেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ কৃতী শিক্ষার্থীর মাঝে বিতরণের জন্য আনা বাইসাইকেলের মান সরেজমিনে যাচাই করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরের নিচে রাখা বিভিন্ন মডেলের কয়েকটি বাইসাইকেল চালিয়ে দেখেন সরকারপ্রধান।
রাষ্ট্রীয় উপহার হিসেবে মেধাবী ছাত্রীদের হাতে তুলে দেওয়ার আগে সাইকেলগুলোর গুণগত মান এবং ব্যবহারের উপযোগিতা নিজ চোখে ও হাতেকলমে পরীক্ষা করার জন্যই তিনি সেগুলো চালিয়ে দেখেন।
শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রদর্শনীতে বিতরণের জন্য প্রস্তাবিত কয়েকটি নমুনার বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে হাজির করা হয়। সরকারি এই প্রকল্পের অধীনে দেশের ২০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ ছাত্রী এই উপহার পাবে। প্রতিটি শ্রেণির মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের একটি করে বাইসাইকেল প্রদান করা হবে।
মূলত নারী শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমিয়ে আনতেই সরকার এই বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।
বাইসাইকেল পরিদর্শনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুল খালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।