শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

জ্বালানি সংকটে ভারতে ‘লকডাউনের’ আলোচনা

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক সংঘাতের জেরে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে, যার বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে প্রতিবেশী দেশ ভারতে। বিশেষ করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ নিয়ে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং আমদানিতে অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারত সরকার ‘আংশিক জ্বালানি লকডাউন’-এর মতো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে গুঞ্জন উঠেছে।

জ্বালানি সংকটে ভারতে ‘লকডাউনের’ আলোচনা
ছবিঃ সংগৃহীত

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক সংঘাতের জেরে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে, যার বড় ধরনের প্রভাব পড়তে শুরু করেছে প্রতিবেশী দেশ ভারতে। বিশেষ করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ নিয়ে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং আমদানিতে অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারত সরকার ‘আংশিক জ্বালানি লকডাউন’-এর মতো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে গুঞ্জন উঠেছে।

দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ইতোমধ্যেই জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ভারতের অভ্যন্তরীণ প্রশাসনিক মহলেও বর্তমানে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধাপে ধাপে জ্বালানি ব্যবহারের ওপর নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্ত কার্যকর হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে আবারও ‘লকডাউন’ ঘোষণার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ইন্টারনেট দুনিয়ায় এই আলোচনার প্রতিফলন স্পষ্ট দেখা যাচ্ছে। গুগল ট্রেন্ডস-এ ‘লকডাউন ইন ইন্ডিয়া’ (Lockdown in India) লিখে গত কয়েক দিনে কয়েক লাখ বার অনুসন্ধান করা হয়েছে, যা বর্তমানে সার্চ ইঞ্জিনটিতে ট্রেন্ডিং তালিকার শীর্ষে রয়েছে। জনগণের এই কৌতূহল ও উদ্বেগের মাঝেই আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি হাইপ্রোফাইল বৈঠকে বসতে যাচ্ছেন।

সরকারিভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা এখনো জানানো না হলেও, প্রধানমন্ত্রীর এই জরুরি বৈঠককে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে উঠেছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার গণপরিবহন বা নির্দিষ্ট কিছু খাতে চলাচলের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করে কি না, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক যুদ্ধের উত্তাপ সরাসরি ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে।