জয়পুরহাটের ক্ষেতলালে সড়কে গাছের ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি করে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি পিস্তল, সামুরাই ও রামদার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে গাছের সঙ্গে বেঁধে নগদ অর্থ, ৯টি মোবাইল ফোন এবং একটি নতুন মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে।
গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের সন্ন্যাসতলী এলাকার তুলসীগঙ্গা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ওই রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সে সময় কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রানু তালুকদার ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। ডাকাতরা তাদের গতিরোধ করলে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে তারা অসহায় হয়ে পড়েন। পরে ডাকাতরা তাদের রাস্তার পাশের গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং তিনটি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
আক্রান্ত রানু তালুকদার জানান, তাদের বেঁধে রাখার পর আরও কয়েকজন পথচারীকে একইভাবে আটকে ফেলে ডাকাতরা। তাদের কাছ থেকেও মোবাইল ও টাকা লুটে নেওয়া হয়। ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করার পর ভুক্তভোগীরা নিজেদের বাঁধন খুলে বাড়িতে ফিরে যান। জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির বিষয়ে থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। জড়িতদের পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে নেমেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।