বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

কামরাঙ্গীচরে প্লাইউড কারখানায় কাজ করার সময় বোর্ড ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীচরে একটি প্লাইউড কারখানায় দায়িত্ব পালনকালে মর্মান্তিক এক দুর্ঘটনায় মো. মিরাজ (১৯) নামে এক তরুণ শ্রমিকের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ‘সিটি প্লাইউড’ নামক প্রতিষ্ঠানে কাজ করার সময় বোর্ডের আঘাতে তিনি গুরুতর আহত হন।

কামরাঙ্গীচরে প্লাইউড কারখানায় কাজ করার সময় বোর্ড ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীচরে একটি প্লাইউড কারখানায় দায়িত্ব পালনকালে মর্মান্তিক এক দুর্ঘটনায় মো. মিরাজ (১৯) নামে এক তরুণ শ্রমিকের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ‘সিটি প্লাইউড’ নামক প্রতিষ্ঠানে কাজ করার সময় বোর্ডের আঘাতে তিনি গুরুতর আহত হন।

নিহত মিরাজ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের শাহজাহানের সন্তান। জীবিকার তাগিদে তিনি কামরাঙ্গীচরের ওই কারখানায় কাজ করতেন এবং সেখানকার মেসেই বসবাস করতেন।

কারখানার সুপারভাইজার মো. আব্দুল মান্নান জানান, কামরাঙ্গীচর থানার পশ্চিম পাশে অবস্থিত ওই কারখানায় মেশিনে কাজ করার সময় একটি বোর্ড প্রচণ্ড বেগে ছিটকে এসে মিরাজের শরীরে আঘাত করে। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, সংশ্লিষ্ট ওই কারখানায় প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক কর্মরত রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মিরাজের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।