ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে নিজ বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. রুহুল আমিন মুন্সি (৪০)। তিনি বলতলা গ্রামের মো. আতাহার আলী মুন্সির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকে রুহুল আমিন মুন্সির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে বাড়ির পাশের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কাঁঠালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শৌলজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, “গতকাল সন্ধ্যার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে মৃত্যুর বিষয়টি জানা যায়।”
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন , “মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হবে।”