গাজীপুরের কাশিমপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ধাওয়ায় ঘটনাস্থল থেকে থানায় ফিরে যান পুলিশ সদস্যরা। পরে শ্রমিকরা থানার আশপাশে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় ডিবিএল গ্রুপের একটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করছিলেন। পরিস্থিতি শান্ত করতে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ধাওয়া করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশ সদস্যরা দৌড়ে থানায় ফিরে যান। পরে শ্রমিকরা থানার আশপাশে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে তারা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
এ ঘটনায় থানা ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে আন্দোলনকারীরাও সেখান থেকে চলে যান।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কাশিমপুর থানার ওসি খালিদ হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে দুষ্কৃতকারীরা যোগ দিয়ে থানার আশপাশে জড়ো হয়। তাদের থানা এলাকা থেকে চলে যেতে বললেও যাচ্ছিল না। পরে পুলিশের একাধিক টিম এসে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিপেটা করে তাদের ছাত্রভঙ্গ করে দেয়।