তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকটের মধ্যেই আবারও দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি। ১২ কেজির সিলিন্ডারের পাশাপাশি ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের সব সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।
বিভিন্ন সিলিন্ডারের নতুন দাম
বিইআরসির ঘোষণা অনুযায়ী, সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৪২ টাকা থেকে বাড়িয়ে ৯৪৪ টাকা করা হয়েছে। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২ হাজার ৪৬ টাকা।
এ ছাড়া ১৫ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ২৯৬ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৪৪৯ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৭৮৭ টাকা এবং ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৭৫৫ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৬১ টাকা থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৪৩৪ টাকা। ২২ কেজির দাম ৩ হাজার ৩৬৭ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৭৭৭ টাকা এবং ২৫ কেজির দাম ৩ হাজার ৮২৭ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ২৯২ টাকা করা হয়েছে।
অন্যদিকে ৩০ কেজির সিলিন্ডারের দাম ৪ হাজার ৫৯২ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির দাম ৫ হাজার ৫১ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে সরবরাহ করা রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দামও বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম শূন্য দশমিক ৩৩১০ টাকা থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৩৬৮৫ টাকা করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করেছে কমিশন।
বাড়ানো হয়েছে বিভিন্ন চার্জ
বেসরকারি এলপিজির মজুত ও বোতলজাতকরণ চার্জ প্রতি কেজি ২৩ টাকা ৪৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। ডিস্ট্রিবিউটরদের চার্জ প্রতি কেজি ৭ টাকা ৮ পয়সা এবং খুচরা বিক্রেতাদের চার্জ প্রতি কেজি ৫ টাকা ৮৩ পয়সা করা হয়েছে।
অটোগ্যাসের ক্ষেত্রে মজুতকরণ চার্জ প্রতি লিটার ৫ টাকা ৫৯ পয়সা এবং স্টেশন চার্জ প্রতি লিটার ৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর এলপিজির দাম বাড়ানো হয়েছিল। ওই সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়। বাজারে এলপিজির সংকট ও বাড়তি দামের অভিযোগের মধ্যেই এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়াল বিইআরসি।
গত ২৯ অক্টোবর এলপিজির দাম এবং মজুতকরণ, বোতলজাতকরণ ও বিতরণসংক্রান্ত বিভিন্ন চার্জ নিয়ে গণশুনানি করে কমিশন। সেখানে এলপিজি অপারেটর, ডিস্ট্রিবিউটর ও খুচরা বিক্রেতারা নিজেদের চার্জ বাড়ানোর প্রস্তাব দেন।
কোম্পানিগুলো বোতলজাতকরণ চার্জ প্রতি কেজিতে ১৫ থেকে ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ থেকে ৩০ টাকা করার প্রস্তাব করেছিল। ডিস্ট্রিবিউটরদের চার্জ ৪ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৩ পয়সা এবং খুচরা বিক্রেতাদের চার্জ ৩ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়।
অন্যদিকে ডিস্ট্রিবিউটররা ১২ কেজির সিলিন্ডারপ্রতি নিজেদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার প্রস্তাব দেন। খুচরা ব্যবসায়ীরা তাঁদের চার্জ ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করার দাবি জানান।
গণশুনানিতে এসব প্রস্তাব পর্যালোচনা করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার সুপারিশ করেছিল। অর্থাৎ সিলিন্ডারপ্রতি ১৩৯ টাকা বাড়ানোর সুপারিশ করা হয়।
শুনানি শেষে ২ নভেম্বর পর্যন্ত এ বিষয়ে মতামত দেওয়ার সময় দিয়েছিল কমিশন। মতামত দেওয়ার শেষ দিনেই নতুন দাম ঘোষণা করল বিইআরসি।