ইলিশের উৎপাদন বাড়ানো ও প্রজনন সংরক্ষণের লক্ষ্যে শনিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এ সময় ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ, অর্থাৎ জাটকা আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর সারা দেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেবে। এ ক্ষেত্রে কঠোরভাবে নিষেধাজ্ঞা কার্যকরের কথা জানিয়েছে মন্ত্রণালয়।