শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন

কাতারের আধুনিক অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের প্রধান কারিগর এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। রোববার সকালে তার বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মৃত্যুকালে প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৭৪ বছর।

কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন
ছবি : সংগৃহীত

কাতারের আধুনিক অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের প্রধান কারিগর এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন।

রোববার সকালে তার বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। মৃত্যুকালে প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৭৪ বছর। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত্যুর দিনই সূর্যাস্তের পর রাজধানী দোহার ঐতিহ্যবাহী ইমাম মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব মসজিদে মাগরিবের নামাজ শেষে তার জানাজা সম্পন্ন হয়।


প্রয়াত আমিরের শেষ বিদায়ে অংশ নিতে জানাজায় কাতার ও মুসলিম বিশ্বের বিপুলসংখ্যক শোকাকুল মানুষ সমবেত হন। জানাজার নামাজ শেষে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা পিতার মরদেহ বহন করে দোহার উত্তরাঞ্চলে অবস্থিত লুসাইল কবরস্থানে নিয়ে যান এবং সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘকাল রাষ্ট্রক্ষমতায় থাকা সত্ত্বেও শেখ হামাদের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ও দাফন প্রক্রিয়া ছিল অত্যন্ত সাদামাটা ও সাধারণ। ধর্মীয় অনুশাসন ও ইসলামী রীতিনীতি অনুসরণ করে কোনো রকম বাহুল্যতা ছাড়াই তাকে একটি সাধারণ কবরে সমাহিত করা হয়।

কাতারের ইতিহাসে অন্যতম প্রভাবশালী এই শাসক ব্যক্তিগত জীবনে রাজকীয় বিলাসিতা ও আড়ম্বর থেকে নিজেকে সর্বদা দূরে রাখতেন। রাষ্ট্রের বিপুল ঐশ্বর্য প্রদর্শনের চেয়ে জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করাই ছিল তার মূল লক্ষ্য।

উল্লেখ্য, ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর কাতারের আমির হিসেবে শাসনভার পরিচালনা করেন শেখ হামাদ। তার দূরদর্শী দেশনায় কাতার নিজেদের বিশাল প্রাকৃতিক গ্যাস সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে, যার ফলে এই সময়ে দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপি ২৪ গুণেরও বেশি বৃদ্ধি পায়। তার নেওয়া যুগান্তকারী অর্থনৈতিক পরিকল্পনার ধারাবাহিকতায় ২০০৬ সালে কাতার বিশ্বের শীর্ষস্থানীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক রাষ্ট্র হিসেবে বৈশ্বিক মানচিত্রে আত্মপ্রকাশ করে।