কম্বোডিয়া এবং মিয়ানমারের আদলে বড় ধরনের অনলাইন জালিয়াতি বা স্ক্যাম সেন্টার গড়ে তোলার প্রস্তুতির অভিযোগে নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ১৫ জন বাংলাদেশিসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত শুক্রবার শহরের কেন্দ্রস্থল ও অন্যতম প্রধান পর্যটন এলাকা থামেল থেকে এই ১৫ জন বাংলাদেশি এবং তাদের সাথে আরও চারজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। নেপাল পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন অফিস এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
কাঠমাণ্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে, আটক হওয়া ব্যক্তিরা মূলত একজন চীনা নাগরিকের তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ অনলাইন সেন্টারে কাজ করতেন। তবে অভিযানের সময় মূল পরিকল্পনাকারী ওই চীনা নাগরিককে পাওয়া যায়নি। তদন্ত সংস্থার মুখপাত্র এবং পুলিশ সুপার রামেশ্বর কার্কি জানিয়েছেন, মূল অভিযুক্ত চীনা নাগরিক বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে আইনের আওতায় আনতে পুলিশ তল্লাশি জারি রেখেছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা জানিয়েছেন, তাদের অধিকাংশেরই পূর্বে কম্বোডিয়ায় এই ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে। সেখানে থাকার সময়ই এই চীনা চক্রের সাথে তাদের পরিচয় ও যোগাযোগ তৈরি হয় এবং পরবর্তীতে তাদের প্রলোভন দেখিয়ে নেপালে নিয়ে আসা হয়। চক্রটির অপরাধের কৌশল সম্পর্কে পুলিশ জানায়, এরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নারীদের আপত্তিকর ছবি পাঠিয়ে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করত এবং মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। তবে স্থানীয় নেপালি নাগরিকেরা তাদের তালিকায় ছিলেন না; চক্রটির মূল লক্ষ্য ছিল বাংলাদেশ ও ভারতের নাগরিকেরা।
এই অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য পলাতক চীনা নাগরিক থামেল অঞ্চলের একটি আস্ত হোটেল মাসিক সাত লাখ নেপালি রুপির বিনিময়ে লিজ নিয়েছিলেন। অভিযানের সময় ওই হোটেল থেকে বেশ কিছু কম্পিউটার, মুঠোফোন এবং ডিজিটাল জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১৯ জন বিদেশি নাগরিককে পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নেপালের অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ইঙ্গিত দিয়েছে যে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।