ঝালকাঠির নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেনের বিরুদ্ধে সরকারি কবরস্থানের মাটি বরাদ্দ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে তদন্ত কমিটির প্রধান, ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগটি আগের দিন, মঙ্গলবার, নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলাম জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে দাখিল করেন।
অভিযোগে বলা হয়েছে, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানের মাটি ভরাটের জন্য টিআর প্রকল্পে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার কাজ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু পিআইও আওলাদ হোসেন অতিরিক্ত খরচ বাবদ মোট ৯ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত পিআইও আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বলেন, "দ্রুত সময়ে তদন্ত সম্পন্ন করে কমিটির প্রতিবেদন দাখিল করা হবে।"