বাঙালি মুসলমান নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী সৃষ্টি ‘সুলতানার স্বপ্ন’ (Sultana's Dream) অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। নারী অধিকার, কল্পনা ও মুক্তচিন্তার এক অনন্য জগত নিয়ে তৈরি এই সিনেমাটি আগামী ১৬ জানুয়ারি থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দর্শকরা দেখতে পাবেন।
অনগ্রসর বাঙালি সমাজে নারীদের অবহেলার বিপরীতে দাঁড়িয়ে বেগম রোকেয়া যে বৈপ্লবিক স্বপ্ন দেখেছিলেন, সেই ভাবনাকেই গল্পের মূল উপজীব্য করেছেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা। স্প্যানিশ ভাষায় নির্মিত ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেশন সিনেমার মূল নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’, যার ইংরেজি শিরোনাম দেওয়া হয়েছে ‘সুলতানাস ড্রিম’।
২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর স্পেনের মর্যাদাপূর্ণ সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়া ফেস্টিভ্যাল, ফিল্মফেস্ট হামবুর্গ এবং লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য, ১৯০৫ সালে ইংরেজিতে প্রকাশিত ‘সুলতানাস ড্রিম’ তৎকালীন ভারতবর্ষে নারীবাদী আন্দোলনের পথিকৃৎ ও একটি শক্তিশালী সায়েন্স ফিকশন হিসেবে পরিচিতি পায়। পরবর্তীতে ১৯২২ সালে বেগম রোকেয়া নিজেই এটি ‘সুলতানার স্বপ্ন’ নামে বাংলায় অনুবাদ করেন।
সিনেমাটি নির্মাণের অনুপ্রেরণা সম্পর্কে নির্মাতা ইসাবেল হারগুয়েরা জানান, ২০১২ সালে দিল্লি সফরের সময় বৃষ্টিতে একটি আর্ট গ্যালারিতে আটকা পড়েছিলেন তিনি। সেখানেই তাঁর হাতে আসে বেগম রোকেয়ার এই বইটি। ইসাবেলের ভাষায়, “এত বছর আগে লেখা একটি বই, যেখানে নারীদের জন্য কল্পিত এক ভিন্ন পৃথিবীর স্বপ্ন দেখানো হয়েছে—পড়ে আমি বিস্মিত হই। তখনই সিদ্ধান্ত নিই এটা নিয়ে সিনেমা বানাবো।”
এটি ইসাবেল হারগুয়েরার পরিচালিত প্রথম ফিচার ফিল্ম। এর চিত্রনাট্য লিখেছেন তিনি ও জিয়ানমার্কো সেরা। সিনেমাটিতে বাংলা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশসহ একাধিক ভাষার ব্যবহার রয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে এতে কলকাতার সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গানও রয়েছে, যার সংগীতায়োজন করেছেন তাজদির জুনায়েদ এবং কণ্ঠ দিয়েছেন দীপান্বিতা আচার্য।