ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহৃত একটি ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংসের অভিযানে প্রায় ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই এক বিবৃতিতে জানান, বিমান বাহিনীর প্রায় ৫০টি যুদ্ধবিমান ওই বাঙ্কারে হামলা চালায়। অত্যন্ত সুরক্ষিত এই স্থাপনাটি এমনভাবে নির্মিত ছিল, যেখান থেকে ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন।
আভিচাই আদরাই আরও জানান, "খামেনিকে হত্যার পরও, ইরানি শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমপ্লেক্সটি ব্যবহার অব্যাহত রেখেছিলেন।"
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত এই ভূগর্ভস্থ বাঙ্কারটি একটি সম্পূর্ণ সড়কজুড়ে বিস্তৃত ছিল। সেখানে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের জন্য বিশেষ কক্ষও ছিল, যেগুলো একাধিক প্রবেশপথের মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযুক্ত ছিল।
সূত্র: বিবিসি