চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ছেংগারচর পৌর এলাকার একটি খড়ের গাদা (স্তূপ) থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা এবং আনুমানিক ১০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর পৌনে ১টার দিকে ছেংগারচর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বড় ঝিনাইয়া এলাকায় আবাদি জমিতে রাখা একটি খড়ের গাদার ভেতরে সন্দেহজনক দুটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে আল মামুন টিটু নামের এক যুবক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
উদ্ধার অভিযানের বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, স্থানীয় লোকজনের উপস্থিতিতে খড়ের গাদায় তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কালো রঙের রেক্সিনের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা পাওয়া যায়। অপর একটি ক্রিম রঙের শপিংব্যাগের ভেতরে থাকা গহনার বাক্স ও ছোট কাপড় এবং নীল-কালো রঙের ব্যাগ থেকে ৬ ভরি সোনা উদ্ধার করা হয়। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই স্বর্ণের দাম প্রায় ১০ লাখ ৯০ হাজার টাকা।
ওসি আরও জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এসব অর্থ ও স্বর্ণালংকারের প্রকৃত মালিক কে বা কীভাবে এগুলো এখানে এলো, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামাল বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। খড়ের গাদায় বিপুল পরিমাণ সম্পদ উদ্ধারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।