শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু

হাসিমুখে খতনা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিল সাত বছরের শিশু মোস্তফা রোহান। কিন্তু পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও অ্যানেস্থেসিয়ার ত্রুটির কারণে সেই হাসপাতাল থেকেই তার ফিরতে হয়েছে লাশ হয়ে।

খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু
শিশু মোস্তফা রোহান। ছবি: সংগৃহীত

হাসিমুখে খতনা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিল সাত বছরের শিশু মোস্তফা রোহান। কিন্তু পরিবারের অভিযোগ, চিকিৎসকের অবহেলা ও অ্যানেস্থেসিয়ার ত্রুটির কারণে সেই হাসপাতাল থেকেই তার ফিরতে হয়েছে লাশ হয়ে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা মোস্তফা রোহানের (৭) মৃত্যু ঘিরে এমন অভিযোগ উঠেছে পরিবারের পক্ষ থেকে। শনিবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে খতনার প্রস্তুতিকালে শিশুটির শারীরিক অবস্থার আকস্মিক অবনতি ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মোস্তফাকে অস্ত্রোপচারের জন্য নগরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মা–বাবার সঙ্গে হাসপাতালে প্রবেশের সময় সে ছিল একদম স্বাভাবিক ও হাসিখুশি। এমনকি হাসপাতালের বেডে শুয়ে ছবিও তোলে। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকেরা পরিবারের সদস্যদের জানান, শিশুটিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। সেদিন রাতেই চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর মোস্তফাকে ওই চিকিৎসকের কাছে প্রথম দেখানো হয়। চিকিৎসা ব্যবস্থাপত্রে উল্লেখ ছিল, শিশুটির প্রস্রাবের পথে জন্মগত একটি ত্রুটি রয়েছে, যাকে ‘গ্ল্যানুলার হাইপোস্প্যাডিয়াস’ বলা হয়। সেখানে খতনার পাশাপাশি ছোট পরিসরের একটি অস্ত্রোপচারের কথা উল্লেখ ছিল এবং জেনারেল অ্যানেস্থেসিয়া ব্যবহারের বিষয়টিও লেখা ছিল।

মোস্তফার বাবা আবু মুসা অভিযোগ করে বলেন, “বিছানায় শুয়ে আমার ছেলেটা হাসিখুশিই ছিল। একসময় বলল, ‘আব্বু, আমার খুব খিদা লেগেছে।’ কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কিছু খাওয়াইনি। অ্যানেস্থেসিয়া ব্যবহারে ত্রুটির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। না হয় খতনার মতো একটি নিয়মিত চিকিৎসা প্রক্রিয়ায় সন্তানের প্রাণ হারানো এটা নেওয়া অসম্ভব।”

শিশুটির মা সুমি আক্তারও অভিযোগ করেন, এটি কোনো দুর্ঘটনা নয়। তাঁর ভাষায়, চিকিৎসকের গুরুতর অবহেলা ও ভুল চিকিৎসা প্রক্রিয়ার ফলেই তাঁর সন্তানের মৃত্যু হয়েছে, যা তিনি পরিকল্পিত হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “সাধারণত খৎনার সময় স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় এবং এতে খুব কম ক্ষেত্রেই জটিলতা দেখা দেয়। তবে এই ঘটনায় কী ঘটেছে, তা বিস্তারিত তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।”

ঘটনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। তবে শিশুটির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্তের দাবি জানিয়েছেন স্বজনরা।