বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

খুলনায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর জান্নাতুল মাওয়া নামের সাড়ে চার বছরের এক শিশুর প্রাণহীন দেহ উদ্ধার করেছে পুলিশ।

খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহীত

খুলনায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর জান্নাতুল মাওয়া নামের সাড়ে চার বছরের এক শিশুর প্রাণহীন দেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে মহানগরীর হরিণটানা গেট সংলগ্ন একটি নির্জন স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল মাওয়া লবণচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহজালালের সন্তান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) দুপুরে মাওয়া তার বাবা-মায়ের সঙ্গে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় ছোট মামার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে অবস্থানকালে পরিবারের পরিচিত এক ব্যক্তি (সম্পর্কে দাদা) আইসক্রিম খাওয়ানোর কথা বলে শিশুটিকে সঙ্গে করে নিয়ে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেয়ে ফিরে না আসায় মা ওই ব্যক্তিকে ফোন করেন। অপরপ্রান্ত থেকে জানানো হয় যে মাওয়া আইসক্রিম খাচ্ছে এবং ফিরতে কিছুটা দেরি হবে। এরপর থেকেই ওই ব্যক্তির মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

মেয়ের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে গভীর রাতে পুলিশ ও স্বজনরা হরিণটানা গেট এলাকায় তল্লাশি চালিয়ে মাওয়ার নিথর দেহ খুঁজে পান। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, মরদেহের পাশ থেকে একটি দড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে শ্বাসরোধ করেই শিশুটিকে হত্যা করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির পরিচয় এই মুহূর্তে গোপন রাখা হলেও তাকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।