হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করতে কিছু দেশ সহযোগিতায় আগ্রহী হলেও কয়েকটি দেশ এতে অনাগ্রহী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই অনাগ্রহী দেশগুলোর মধ্যে এমন কিছু রাষ্ট্রও আছে, যাদের যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সহায়তা দিয়ে এসেছে।
হোয়াইট হাউসে কেনেডি সেন্টার–এর বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের কাছে ইরান–সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প এসব মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “অনেক দেশ আমাকে বলেছে যে তারা (হরমুজ প্রণালির) পথে রয়েছে। কেউ কেউ এ ব্যাপারে খুবই আগ্রহী এবং কেউ কেউ নয়।” তিনি আরও বলেন, “কিছু দেশ রয়েছে, যাদের আমরা বহু বহু বছর ধরে সাহায্য করেছি। আমরা তাদের ভয়ঙ্কর ঝুঁকি থেকে রক্ষা করেছি। কিন্তু তারা (সহায়তায়) অতটা আগ্রহী ছিল না। আর উৎসাহের মাত্রা আমার কাছে গুরুত্বপূর্ণ।”
এদিকে কয়েকটি মার্কিন মিত্র দেশ সোমবার জানিয়েছে, হরমুজ প্রণালি সচল রাখতে তারা আপাতত সেখানে জাহাজ পাঠানোর কোনো তাৎক্ষণিক পরিকল্পনা করছে না।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে মাইন বসানোর উদ্দেশ্যে আসা ৩০টি জাহাজ ধ্বংস করেছে। তবে সেখানে ইতিমধ্যে কোনো মাইন স্থাপন করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।