দেশের কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশে ধর্ম নিয়ে কোনো ধরনের বিভাজন সৃষ্টির সুযোগ নেই।
রোববার (৫ এপ্রিল) সকালে রাজধানীর ভাটারা এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, একটি বিশেষ মহল ধর্মকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। অথচ আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত সুদৃঢ়। এ সময় তিনি আরও অভিযোগ করেন যে, কিছু রাজনৈতিক দল দেশের মহান মুক্তিযুদ্ধকেও অস্বীকার করার ধৃষ্টতা দেখাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি জানান, বিশ্বব্যাপী চলমান সংকটের মধ্যেও দেশের মানুষের চাহিদা মেটাতে সরকার বিদেশ থেকে জ্বালানি আমদানির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জ্বালানি তেলের মজুত নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত তেল মজুত থাকার বিষয়টি নিশ্চিত করার পরও দেখা যাচ্ছে কিছু মানুষ আতঙ্কিত হয়ে মোটরসাইকেল নিয়ে বারবার তেল সংগ্রহ করছেন। তিনি এ ধরনের অপ্রয়োজনীয় মজুদদারি থেকে বিরত থাকতে সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান। ইস্টার সানডের এই দিনে তিনি খ্রিস্টান সম্প্রদায়সহ দেশবাসীকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানান।