সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে নিজের কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পাষণ্ড পিতা তাইজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে নিজের কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পাষণ্ড পিতা তাইজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দক্ষিণ যাত্রাবাড়ী ফলের বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত তাইজুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ থানার মহুগাঁও গ্রামের আবু বক্কর আলীর সন্তান।

আজ রবিবার সকালে র‍্যাব-১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তখন থেকেই তার স্বামী তাইজুল ইসলাম নিজের মেয়ের ওপর কুনজর দিতে শুরু করেন এবং শ্লীলতাহানির চেষ্টা চালান। গত বছরের জুলাই মাসে ভয়ভীতি প্রদর্শন করে তিনি প্রথমবারের মতো মেয়েটিকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে প্রাণনাশের হুমকি দিয়ে পুরো পরিবারকে তটস্থ করে রাখা হয়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত তাইজুল নিয়মিত খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্ত্রী ও সন্তানদের অচেতন করে রাখতেন এবং এই সুযোগে নিজ কন্যার ওপর পাশবিক নির্যাতন চালাতেন।

গত ২৬ জানুয়ারি এই নিষ্ঠুরতার চিত্র প্রকাশ্যে আসে। সেদিন মিষ্টির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সবাইকে খাওয়ানোর চেষ্টা করেন তাইজুল। কিশোরীটি মিষ্টির ভেতরে থাকা ওষুধ দেখে ফেলে তা ফেলে দিলে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন তার বাবা। একপর্যায়ে ভুক্তভোগী ও তার মা প্রতিবেশীদের কাছে বিষয়টি প্রকাশ করে দিলে ওই রাতেই অভিযুক্ত তাইজুল বাড়ি ছেড়ে পালিয়ে যান।

র‍্যাব জানায়, ঘটনাটি অত্যন্ত অমানবিক ও সংবেদনশীল হওয়ায় তারা শুরু থেকেই ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত তাইজুল ইসলামকে আজ সংশ্লিষ্ট বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।