মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

কিশোরীর মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণ, আটক ২

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একটি পোলট্রি খামারে একা থাকা অবস্থায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে।

কিশোরীর মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণ, আটক ২
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একটি পোলট্রি খামারে একা থাকা অবস্থায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের কৈতরীপাড়া গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে বর্তমানে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ একই গ্রামের এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় শিশুটি বাবার পোলট্রি খামারে একা ছিল। এ সময় একই গ্রামের দুই কিশোর সেখানে গিয়ে তাকে মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণ করে। আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা ও বিস্তারিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মজিবুর রহমান সুমন জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের কারণে রক্তক্ষরণের আলামত পাওয়া গেছে। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।