বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

কক্সবাজারে ঘরে মিলল যুবকের অর্ধগলিত লাশ, স্ত্রী পলাতক

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল (২৫) নামে এক যুবকের বীভৎস ও পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজারে ঘরে মিলল যুবকের অর্ধগলিত লাশ, স্ত্রী পলাতক
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল (২৫) নামে এক যুবকের বীভৎস ও পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী তাহেরা বেগম আঁখি গা-ঢাকা দিয়েছেন।

নিহত বাদল উপজেলার রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের সন্তান। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। স্থানীয়ভাবে জানা গেছে, বাদল ও তার স্ত্রী আঁখি দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বেশ পরিচিত ছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ওই ভাড়া বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্ধ ঘরের দরজা ভেঙে বিছানার ওপর বাদলের গলাকাটা ও বিকৃত মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহের অবস্থা পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

রাজারকুল ইউনিয়নের ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, আঁখির আগে বিয়ে হওয়ায় বাদলের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। ফলে তারা আলাদা বাসায় ভাড়া থাকতেন। তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত এবং কিছুদিন আগে স্থানীয়ভাবে বসে একটি বিবাদ মীমাংসাও করে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে স্ত্রী আঁখি পরিকল্পিতভাবে বাদলকে খুন করে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। গত কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্ত্রীকে খুঁজে বের করতে পুলিশের তল্লাশি অভিযান শুরু হয়েছে। তাকে আটক করা সম্ভব হলে এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও রহস্য উদঘাটন হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।