বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

কক্সবাজারে নকল বিদেশি মদ তৈরির কারখানা, আটক ১

কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় একটি অবৈধ নকল বিদেশি মদের কারখানার হদিস পেয়েছে পুলিশ।

কক্সবাজারে নকল বিদেশি মদ তৈরির কারখানা, আটক ১
ছবিঃ সংগৃহীত

কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় একটি অবৈধ নকল বিদেশি মদের কারখানার হদিস পেয়েছে পুলিশ।

রোববার দুপুরে পরিচালিত এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণ তৈরি করা মদ, বোতলজাত করার যন্ত্রপাতি এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহন সেন (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পৌরসভার পশ্চিম নতুন বাহারছড়া স্ক্র্যাপ গলি সংলগ্ন হাকিম মিয়ার মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় এই জালিয়াতি চক্রের আস্তানাটি গড়ে তোলা হয়েছিল। আটক মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সুচিয়া শ্মশান খালিবাড়ী এলাকার কার্তিক সেনের ছেলে। পুলিশি অভিযানে ওই বাসা থেকে ১১০ বোতল ভেজাল বিদেশি মদ, যার পরিমাণ প্রায় ৫৫ লিটার, এবং ৭৬টি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়াও কারখানাটিতে ব্যবহৃত একটি ক্যাপ সিলিং মেশিন, সিলার মেশিন ও হিট গান জব্দ করে পুলিশ।

অভিযানস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি জেরিক্যানে রক্ষিত ১৬ দশমিক ৫ লিটার বিভিন্ন রাসায়নিক ফ্লেভার (ডায়ালাইট-বি সল্যুশন, অরেঞ্জ, লেমন, চকোলেট ও কফি) উদ্ধার করা হয়, যা নকল মদ তৈরিতে ব্যবহৃত হতো। উদ্ধারকৃত অন্যান্য আলামতের মধ্যে রয়েছে ৭২৫টি কর্ক, ৭৮০টি জাল স্টিকার, ৮ ফর্দ বারকোড স্টিকার, ৫৫০টি কর্ক সিকিউরিটি সিল পেপার এবং নগদ ২৮ হাজার টাকা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জনস্বার্থে মাদক ও জালিয়াতি বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার রাখা হবে।