মৌলভীবাজারের কমলগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে প্রায় ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পালিয়ে গেলেও জালাল মিয়া (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় এলাকায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশের মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের তত্ত্বাবধানে অভিযানটি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জালাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ঘরের সিলিংয়ের ওপর রাখা চারটি প্যাকেট থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া শয়নকক্ষের বক্স খাটের ড্রয়ারে বিক্রির উদ্দেশ্যে রাখা আরও ৪০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (নিঃ) উত্তম কুমার বিশ্বাস।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতের ভিত্তিতে পলাতক জালাল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।
এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।