গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একটি নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সোমবার দুপুরের দিকে স্থানীয় ছানা মার্কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্থায়ী কার্যালয়টির শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
দীর্ঘদিন পর দলীয় কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট একটি ঠিকানা মেলায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা জানান, মহানগরের অন্যান্য থানায় স্থায়ী সাংগঠনিক কার্যালয় থাকলেও কোনাবাড়ীতে এতদিন এমন কোনো ব্যবস্থা ছিল না। ফলে দলীয় নানা কর্মসূচি ও প্রাতিষ্ঠানিক কাজ পরিচালনা করতে তাদের বেশ বেগ পেতে হতো। এখন থেকে নিজস্ব এই কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক আলোচনার পাশাপাশি নেতাকর্মীরা নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অবসর সময় কাটানোর সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমেদ হৃদয়, কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সহসভাপতি রফিকুজ্জামান রফিক, রেজাউল করিম মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন। এছাড়া যুবদলের থানা সদস্য সচিব আজিজুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুম হোসেন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম সরকার ও ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কামরুলসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সিটি প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, এখন থেকে কোনাবাড়ী অঞ্চলের সব ধরণের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড এই কার্যালয়কে কেন্দ্র করেই আবর্তিত হবে। তবে এটি কেবল দলীয় কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং সাধারণ মানুষ যাতে তাদের বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত সমস্যার সমাধানে এই কার্যালয়ে এসে সহযোগিতা পেতে পারেন, সেজন্য সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।