শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শক্তি যেন পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শক্তি যেন পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ কেবল শান্তি ও নিরাপত্তা চায় এবং এই প্রত্যাশা পূরণে তারা পুলিশের ওপর গভীরভাবে নির্ভরশীল। জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি জানান।

রোববার (১০ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনকালে সরকারপ্রধান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেন, সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ পুলিশ প্রমাণ করেছে যে, তারা অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরেও সাধারণ মানুষের সঙ্গে অত্যন্ত মানবিক ও সংবেদনশীল আচরণ বজায় রাখতে হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও মনোজ্ঞ প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। এবারের পুলিশ সপ্তাহের মূলমন্ত্র নির্ধারণ করা হয়েছে ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’। আজ শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিগুলো আগামী ১৩ মে পর্যন্ত চলবে।

রাজারবাগের এই বার্ষিক প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল জনম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পর বিএনপি প্রশাসনের অধীনে এটিই প্রথম পুলিশ সপ্তাহ উদযাপন।