পাকিস্তানের করাচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৩-এ পৌঁছেছে, আর ৩৮ জন এখনও নিখোঁজ রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন করাচির মেয়র মুর্তজা ওয়াহাব।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) করাচির এম এ জিন্না রোডে অবস্থিত চারতলা গুল প্লাজায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শনিবার রাতের আগুনে প্রায় ২৪ ঘণ্টার চেষ্টা শেষে রোববার আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ধোঁয়া ছড়ানো আবর্জনা থেকে আবার আগুন ছড়িয়ে পড়ায় সোমবার দমকল বাহিনীকে পুনরায় অভিযান চালাতে হয়। আগুনে ভবনের একটি অংশ ধসে পড়েছে। শপিং মলে প্রায় ১,২০০টি দোকান ছিল।
মেয়র মুর্তজা ওয়াহাব জানান, উদ্ধারকারীরা বর্তমানে মলের বেসমেন্টে তল্লাশি চালাচ্ছেন। করাচি জেলা প্রশাসন, জরুরি সেবা সংস্থা ও করাচি মেট্রোপলিটন কর্পোরেশন (কেএমসি) যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভবনের ছাদ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, “উদ্ধারকারীরা আবর্জনা সরাচ্ছে এবং ছাদে থাকা গাড়িগুলো ক্রেনের মাধ্যমে সরানো হচ্ছে। নিখোঁজরা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। কেএমসির সব বিভাগ সর্বোচ্চ সতর্কতায় থাকবে।”
করাচি দক্ষিণ জেলার পুলিশের উপ-মহাপরিদর্শক সৈয়দ আসাদ রেজা জানান, এখন পর্যন্ত ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে দেহের কেবল কিছু অংশ পাওয়া গেছে।
উদ্ধার সংস্থা ১১২২-এর প্রধান কর্মকর্তা আবিদ জালাল বলেন, “মোট মৃত্যুর সংখ্যা নির্ধারণ করা এখন সম্ভব নয়। বিভিন্ন স্থানে পাওয়া দেহাংশ একই ব্যক্তির নাকি আলাদা মানুষের—এটি ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যাবে।”
ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ী জানান, আগুন লাগার সময় মলে কয়েকশ মানুষ ছিলেন। “দোকানগুলো আমাদের চোখের সামনে পুড়ে গেছে। মালপত্র বের করার সুযোগ পাইনি। অনেক বন্ধু এখনও নিখোঁজ,” বলেন তিনি।
এক পথচারী বলেন, দোকান মালিকরা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন, তবে তীব্র আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কর্তৃপক্ষ জানায়, ভবনে থাকা প্লাস্টিক, ফোম, কাপড় ও পারফিউমের মতো দাহ্য উপাদান আগুন দ্রুত ছড়িয়ে দেয়।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি সিন্ধু প্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছেন, সব বাণিজ্যিক ও আবাসিক ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পুনঃমূল্যায়ন করা হবে।