জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কর্মজীবী মায়েদের দৈনিক কর্মঘণ্টা পাঁচ ঘণ্টায় সীমিত করা হবে এবং বাকি তিন ঘণ্টার জন্য সরকারিভাবে ভর্তুকি প্রদান করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতেই ডা. শফিকুর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করেন। পরে তিনি দলের শাসন পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, সরকারের কাজকর্মে ২৬টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে এবং ইশতেহারে আটটি ভাগে ৪১টি ভিশনের মাধ্যমে তা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, “ইশতেহার জামায়াতের কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশ গঠনের জীবন্ত দলিল।” তিনি উল্লেখ করেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং মৌলিক অধিকার বিষয়গুলোতে ইশতেহার বিশেষ গুরুত্ব দিয়েছে। কর্মজীবী মায়েদের জন্য তিনি জানান, “ক্ষমতায় এলে তাদের দৈনিক কাজের সময় পাঁচ ঘণ্টা নির্ধারণ করা হবে এবং বাকি তিন ঘণ্টার জন্য সরকারিভাবে ভর্তুকি দেওয়া হবে।”
যুবসমাজের উন্নয়ন নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশ পিছিয়ে থাকুক—এটা আজকের যুবসমাজ চায় না। তাদের জন্য আমাদের দায়িত্ব রয়েছে।” শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি প্রতিশ্রুতি দেন, এই দায়িত্ব কখনো অবহেলা করা হবে না।
এছাড়া ডা. শফিকুর রহমান ইশতেহারের বিষয়বস্তু নিয়ে মতামত ও পরামর্শ আহ্বান করেন এবং জানান, দেশের ও মানুষের কল্যাণে প্রয়োজন হলে এটি আরও উন্নত করা যেতে পারে। একই সঙ্গে তিনি বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে মানবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের কথাও বলেন।