মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

ক্ষমতায় এসে বিএনপি ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির মনির

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির অভিযোগ করেছেন যে, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও সেই রায় বাস্তবায়নে কালক্ষেপণ করা হচ্ছে।

ক্ষমতায় এসে বিএনপি ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির মনির
ছবিঃ সংগৃহীত

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির অভিযোগ করেছেন যে, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও সেই রায় বাস্তবায়নে কালক্ষেপণ করা হচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে রাকসু আয়োজিত “গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, যারা জুলাইয়ের সংস্কার ভাবনা থেকে দূরে সরে গেছে, তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শিক রাজনীতি থেকেও হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। তার মতে, জুলাই সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর একটি বিশেষ রাজনৈতিক দল এখন ১৮০ ডিগ্রি কোণে অবস্থান পরিবর্তন বা ‘পল্টি’ মেরেছে। তিনি প্রশ্ন তোলেন, হঠাৎ বিদেশ থেকে এসে সংসদে নীরব ভূমিকা পালন করা এবং সন্ধ্যায় সিনেমা হলে সময় কাটানো জাতি কীভাবে মেনে নেবে?

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ আর কোনো রক্তচক্ষু বা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে ভয় পায় না। গুমের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হলে ‘গুম অধ্যাদেশ’কে দ্রুত আইনে রূপান্তর করার দাবি জানান তিনি। অন্যথায় শহীদদের রক্তের অবমাননা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বিএনপি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন বা পঙ্গু হয়েছেন, তাদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের নাম অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া দুষ্কর। এই কারণেই দলটি জুলাই গণঅভ্যুত্থানকে যথাযথ গুরুত্ব দিতে চাইছে না।

ফ্যাসিবাদ প্রসঙ্গে শিশির মনির বলেন, অতীতে যেমন ফেসবুকে পোস্ট দিলে গভীর রাতে ডিজিএফআইয়ের সদস্যরা বাসায় হাজির হতো, বর্তমান সময়েও সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে। তিনি একে নতুন রূপের ফ্যাসিবাদ হিসেবে আখ্যায়িত করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্রসমাজ যদি পুনরায় ঐক্যবদ্ধ হয়ে জেগে ওঠে, তবে গণভোটের রায় বাস্তবায়ন না করে শাসকগোষ্ঠীর সামনে আর কোনো পথ খোলা থাকবে না। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।