তুরস্কের কাছ থেকে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং এমনকি একজন ‘স্ত্রী’ দাবি করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন উগান্ডার শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মুহুজি কাইনেরুগাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও বিস্ময়ের সৃষ্টি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, জেনারেল কাইনেরুগাবা দাবি করেন, সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন সমর্থিত শান্তিরক্ষা মিশনে দীর্ঘ সময় উগান্ডার সেনা মোতায়েন থাকার ফলে তুরস্ক সেখানে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে। তার মতে, উগান্ডার সেনাদের নিরাপত্তা পরিস্থিতির কারণে তুর্কি কোম্পানিগুলো সোমালিয়ার বন্দর, বিমানবন্দর ও অবকাঠামো খাতে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি লাভ করেছে।
এই যুক্তির ভিত্তিতে তিনি উগান্ডার জন্য ‘সিকিউরিটি ডিভিডেন্ড’ হিসেবে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি জানান। তবে সবচেয়ে বিতর্কিত মন্তব্য হিসেবে তিনি তুরস্কের কাছ থেকে ‘সবচেয়ে সুন্দর তুর্কি নারী’কে নিজের স্ত্রী হিসেবে দেওয়ার কথাও উল্লেখ করেন, যা কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
এছাড়া দাবি পূরণ না হলে উগান্ডায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এ বিষয়ে এখন পর্যন্ত তুরস্ক কিংবা সোমালিয়া সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, জেনারেল কাইনেরুগাবা এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। তিনি প্রকাশ্যে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে প্রয়োজনে ১ লাখ উগান্ডার সেনা পাঠানোর কথাও বলেছিলেন। ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেও সমালোচনার মুখে পড়েন।