কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে গুলি করে ও হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের সালেহ আহমেদ (৬০) ও তাঁর ভাতিজা দেলোয়ার হোসেন ওরফে নয়ন (৪০)। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ আলিয়ারা গ্রামের প্রভাবশালী সালেহ আহম্মদ গোষ্ঠী ও খায়ের আহমেদ গোষ্ঠীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত বছরের ৩ আগস্ট খায়ের আহমেদ গোষ্ঠীর সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. আলাউদ্দিনকে হত্যার অভিযোগ ওঠে প্রতিপক্ষ ছালেহ আহম্মদ গোষ্ঠীর বিরুদ্ধে। ওই ঘটনার পর ছালেহ আহম্মদ গোষ্ঠীর সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যান। সম্প্রতি গত ৩ জানুয়ারি তাঁরা এলাকায় ফেরার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে একাধিকবার শান্ত থাকার নির্দেশ দেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
নিহত দেলোয়ার হোসেনের বোন হাজেরা আক্তার অভিযোগ করেন, আলাউদ্দিন মেম্বার হত্যাকাণ্ডের পর তাঁদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কয়েকদিন আগে তাঁরা বাড়িতে ফিরে তাঁবু টানিয়ে থাকতে শুরু করেন। শুক্রবার দুপুরে আলাউদ্দিন মেম্বারের ছেলেসহ প্রায় দুই শতাধিক সন্ত্রাসী দেশি-বিদেশি অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সালেহ আহমেদ ও দেলোয়ার হোসেনের ওপর গুলি বর্ষণ করে এবং মৃত্যু নিশ্চিত করতে হাত-পায়ের রগ কেটে দেয়। এ সময় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার পর থেকে অভিযুক্ত খায়ের আহমেদ গোষ্ঠীর সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের শরীরে গুলির আঘাত এবং হাত ও পায়ের রগ কাটার স্পষ্ট চিহ্ন রয়েছে। গুরুতর আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের ওপর ছররা গুলি চালানো হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁদের রগ কাটা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।