কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পানিতে ডুবে রোকছানা আক্তার (৬) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা স্লুইসগেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত রোকছানা ওই এলাকার রফিকুল ইসলামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে ফেরার পর রোকছানা তার দাদি ও সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি গভীর নালায় গোসল করতে গিয়েছিল। একপর্যায়ে তার দাদি মোবাইল ফোন রাখার জন্য বাড়িতে গেলে সেই সুযোগে সবার অলক্ষ্যে রোকছানা গভীর পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে দ্রুত পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেয়। স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নালার কচুরিপানার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।