সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

কুড়িগ্রামে সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু

মধ্যরাতে সীমান্তে টহলের সময় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিতে নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন।

কুড়িগ্রামে সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু
নিহত বিজিবি সদস্য

মধ্যরাতে সীমান্তে টহলের সময় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিতে নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগাহাট সীমান্ত এলাকায়। নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (ব্যাচ নং ১১৪৬০৪)। তিনি লালমনিরহাটস্থ বিজিবি ১৫ ব্যাটালিয়নে সিপাহী পদে কর্মরত ছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসিম উদ্দিন গংগাহাট বর্ডার আউট পোস্টে (বিওপি) দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। বিজিবি ও থানা সূত্রে জানা যায়, রাত পৌনে ১টার দিকে বিওপির সৈনিক লাইনের পেছনে এমটি গ্যারেজ সংলগ্ন এলাকায় গুলির শব্দ শোনা যায়। শব্দ শুনে কাছাকাছি টহলদল সেখানে গিয়ে সিপাহী নাসিম উদ্দিনকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশ ও বিজিবি প্রাথমিকভাবে ধারণা করছে, নাসিম উদ্দিন নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে-ওই সিপাহী নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।