বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের হামলা, ভারতীয় নিহত

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের প্রতিশোধমূলক হামলায় এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার কুয়েত কর্তৃপক্ষ এই নিহতের খবরটি নিশ্চিত করেছে। ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের হামলা, ভারতীয় নিহত
ছবিঃ সংগৃহীত

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের প্রতিশোধমূলক হামলায় এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার কুয়েত কর্তৃপক্ষ এই নিহতের খবরটি নিশ্চিত করেছে। ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। 

কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি আগ্রাসনের অংশ হিসেবে দেশটির একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও পানি শোধনাগারের সার্ভিস ভবনে এই হামলা চালানো হয়। এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি সেখানে কর্মরত এক ভারতীয় কর্মী নিহত হন। হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং প্ল্যান্টের কার্যক্রম সচল রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

ইরান এই সুনির্দিষ্ট হামলার বিষয়ে সরাসরি কোনো দায় স্বীকার না করলেও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কুয়েতের এই ক্ষয়ক্ষতির খবর প্রচার করেছে। আল জাজিরার ভাষ্যমতে, এক মাস আগে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই কুয়েত ধারাবাহিকভাবে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সন্ধ্যায় তাদের আকাশসীমায় অন্তত ১৪টি ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি ড্রোন একটি সামরিক ক্যাম্পকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, যেখানে হামলায় ১০ জন সেনাসদস্য আহত হয়েছেন।

ইরানি সূত্রের দাবি অনুযায়ী, গত এক মাসে ইসরায়েলি ও মার্কিন হামলায় দেশটিতে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি অন্তত ২১৬ জন শিশু রয়েছে। এই ধ্বংসযজ্ঞের পাল্টা জবাবে ইরানি বাহিনী এখন ইসরায়েলসহ প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক সরঞ্জাম ও ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।