ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন সারা দেশে টানটান উত্তেজনা, ঠিক তার আগের রাতে দেশবাসীকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দিবেন না। ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী।’
নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পোস্টে কোনো নির্দিষ্ট গুজব বা ঘটনার উল্লেখ ছিল না।
এদিকে, দাঁড়িপাল্লা প্রতীকের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগও তুলেছেন জামায়াত আমির। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভাঙচুর হওয়া বুথের ছবি প্রকাশ করে তিনি বলেন, ‘আজ আমার নির্বাচনী আসন ঢাকা-১৫-এর দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে- এ জাতি জুলাই পেরিয়ে এসেছে।’
শফিকুর রহমান আরও বলেন, ‘পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গিয়েছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।’
তিনি যোগ করেন, ‘ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আগামীকালের ভোটে ফুটে উঠবে, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন শফিকুল ইসলাম খান মিল্টন।