তেহরানের কাছে নিজ দেশের নিরাপত্তার মতো লেবাননের শান্তি ও স্থিতিশীলতা সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। লেবাননের স্পিকার নাবিহ বেরির সঙ্গে ফোনালাপকালে তিনি এই অবস্থানের কথা জানান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মোহাম্মদ বাঘের গালিবাফ উল্লেখ করেন, ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় এবং পরবর্তী সময়েও ইরান একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকরে প্রতিপক্ষকে বাধ্য করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইরানি সংবাদমাধ্যমগুলোর ভাষ্যমতে, গালিবাফ এদিন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। উল্লেখ্য, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা নিরসনে একটি পাকিস্তানি প্রতিনিধি দল বর্তমানে ইরানে অবস্থান করছে এবং মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে।
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও নীতিনির্ধারণী পর্যায়ে গালিবাফ একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সংলাপে তিনি ইরানি দলের নেতৃত্ব দেন।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার জানিয়েছেন যে, আনুষ্ঠানিক আলোচনা স্থগিত থাকলেও পাকিস্তানের সহযোগিতায় দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগ ও বার্তার আদান-প্রদান অব্যাহত রয়েছে। তবে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা নিয়ে তিনি এখনই সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি।