বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

মা দিবসেই ছেলের হাতে প্রাণ গেলো মায়ের

মা দিবসের রাতে ফেনীর দাগনভূঞায় এক মাদকাসক্ত তরুণের বর্বরোচিত হামলায় তার গর্ভধারিণী মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামী ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মকবুল হুজুরের বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে।

মা দিবসেই ছেলের হাতে প্রাণ গেলো মায়ের
ছবি : সংগৃহীত

মা দিবসের রাতে ফেনীর দাগনভূঞায় এক মাদকাসক্ত তরুণের বর্বরোচিত হামলায় তার গর্ভধারিণী মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহতের স্বামী ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মকবুল হুজুরের বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে।

পুলিশ ঘাতক রাফিকে গ্রেপ্তার করেছে। নিহত লাকি আক্তার ওই এলাকার মো. মোস্তফার স্ত্রী। স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ২১ বছর বয়সী রাফি দীর্ঘদিন ধরে মাদকের নেশায় বুঁদ হয়ে থাকতেন এবং প্রায়ই বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। ঘটনার দিন রাতে পারিবারিক বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাফি দেশীয় অস্ত্র দিয়ে তার মা, বাবা মোস্তফা ও বোন সাহারা আক্তার মিথিলাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। বাকি দুই আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিবেশীরা জানিয়েছেন, পড়াশোনা ছেড়ে নেশায় জড়িয়ে পড়ার পর থেকেই রাফির আচার-আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিয়েছিল।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মাকে কুপিয়ে হত্যা ও পরিবারের অন্য সদস্যদের আহত করার দায়ে অভিযুক্ত রাফিকে স্থানীয়দের সহায়তায় আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই নির্মম ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।