ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে পরিত্যক্ত অবস্থায় দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ ঘাট এলাকায় জেলেরা মাছ ধরার সময় এই বস্তাগুলোর সন্ধান পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জেলেরা নদীতে জাল ফেললে ভারী কিছু আটকে যাওয়ার সংকেত পান। জাল টেনে তোলার পর মুখ বন্ধ দুটি পাটের বস্তা দেখে ভেতরে মরদেহ থাকার ভয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো খুলে দেখে যে, সেগুলোর ভেতর সরকারি হাসপাতালের বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। পরে পুলিশ ওষুধ ভর্তি বস্তাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘটনার বিষয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন জানান, উদ্ধার হওয়া ওষুধগুলো সম্ভবত ২০২৩ সালের। কোনো চক্র হয়তো ধরা পড়ার ভয়ে বা অন্য কোনো কারণে ওষুধগুলো নদীতে ফেলে দিয়েছিল। বস্তাবন্দি থাকায় এবং প্যাকেটের গুণগত মান ভালো হওয়ায় ওষুধগুলো এতদিন পানির নিচে অবিকৃত ছিল। তিনি আরও নিশ্চিত করেন যে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে সহযোগিতা করা হবে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। সরকারি ওষুধ কীভাবে এবং কাদের মাধ্যমে নদীতে এলো, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।