শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

মাদারীপুরে বিয়েতে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরের রাজৈরে একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো বন্ধের দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে একটি দোকান ও দুটি মোটরসাইকেল।

মাদারীপুরে বিয়েতে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ৫
মাদারীপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একটি দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গতকাল শুক্রবার রাতে রাজৈর বাজারের বেপারীপাড়া এলাকায়

মাদারীপুরের রাজৈরে একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো বন্ধের দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে একটি দোকান ও দুটি মোটরসাইকেল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার (তারিখ অনুযায়ী) দুপুরে রাজৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজৈর এলাকায় শহীদ শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। বর-কনে পক্ষ ভাড়া করা সাউন্ড বক্সে গান বাজাচ্ছিল। এ সময় পাশের একটি মসজিদে নামাজ শেষে উচ্চ শব্দে গান বন্ধ রাখতে বলেন রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান (৪৫)। এ নিয়ে মসজিদের ভেতরেই শহীদ শেখের ভাই অলি শেখের (৪০) সঙ্গে জাহাঙ্গীরের বাকবিতণ্ডা হয়।

এর জেরে সন্ধ্যায় রাজৈর বাজারের বেপারীপাড়া মোড়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের মধ্যে অলি শেখের লোকজন জাহাঙ্গীর খানের জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পশ্চিম রাজৈর গ্রামে মীমাংসার উদ্দেশ্যে অলি শেখের পক্ষের কয়েকজন জাহাঙ্গীরের বাড়িতে গেলে মারধরের শিকার হন রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীর। তাঁকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের আরও চারজন আহত হন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বেপারীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর এলাকায় দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষ চলেছে।

অভিযোগ করে শহীদ শেখ বলেন, ‘আমার মেয়ের বিয়েতে জাহাঙ্গীর তাঁর লোকজন নিয়ে বাধা সৃষ্টি করতে চেয়েছিলেন। তিনি ছাত্রদলের প্রভাব দেখিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতে চান। মসজিদে নামাজ শেষে আমার ভাইকে জাহাঙ্গীর গানবাজনা বন্ধ করতে বলেন। হুমকিও দেন। আমার ভাই প্রতিবাদ করায় তাঁকে মারধর করতে লোক পাঠান জাহাঙ্গীর।’

অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর খান বলেন, ‘আমি অলিকে খারাপ কিছুই বলিনি। সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজালে অনেক শব্দদূষণ হয়, মানুষের ক্ষতি হয়। এ কথা বলায় অলি ক্ষুব্ধ হয়ে মসজিদের ভেতরেই হট্টগোল করে ওঠেন। পরে অন্যরা তাঁকে থামিয়ে দেন। অলির ভাতিজির বিয়ে শেষ হলে তাঁরা লোকজন নিয়ে আমার জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন। বাধা দিতে গেলে আমার কয়েকজন লোককেও আহত করা হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, দুই পক্ষের সংঘর্ষ আশপাশের গ্রামেও ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।